প্রকাশিত: ৩০ সেপ্টেম্বার, ২০২৬, ১১:১২ এ এম
অনলাইন সংস্করণ
টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব ও অভিনেত্রী ইধিকা পাল আবারও পর্দায় জুটি বেঁধে আলোচনায় এসেছেন। দেবের আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর আইটেম গান ‘ইলিশ চন্দনা’য় ইধিকার সঙ্গে রোমান্সে মেতে উঠতে দেখা গেছে অভিনেতাকে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত গানের একটি দৃশ্যে ইধিকার সঙ্গে দেবের কয়েকটি রোমান্টিক পোজের ছবি ইতোমধ্যে নজর কেড়েছে। তবে শুধু দেব-ইধিকাই নয়, গানটিতে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। গঙ্গাবক্ষে ধারণ করা হাই-এনার্জির গানটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
এর আগে দেবের সিনেমা ‘খাদান’-এর ‘কিশোরী’ গানে দেব ও ইধিকার নাচ দর্শকদের নজর কেড়েছিল। এবার ‘দেশু ৭’-এর ‘ইলিশ চন্দনা’য় আবারও একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।
দেবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’ দুর্গাপূজার আমেজ বাড়াতে আগেভাগেই গানটি ভক্ত-অনুরাগীদের জন্য প্রকাশ করেছে। গানটি ঘিরে দর্শক-শ্রোতাদের মধ্যেও তৈরি হয়েছে উন্মাদনা। নেটিজেনদের একাংশের মতে, শুভশ্রী গাঙ্গুলীর চেয়ে ইধিকার সঙ্গেই দেবকে বেশি মানিয়েছে।
দিন কয়েক ধরেই সহ-অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে রোমান্টিক পোজে ছবি প্রকাশ করে আলোচনায় রয়েছেন দেব। এর মধ্যেই তাদের পুরোনো প্রেমের প্রসঙ্গও নতুন করে আলোচনায় এসেছে। তবে সমালোচকদের ধারণা, সিনেমার প্রচারের অংশ হিসেবেই শুভশ্রীর সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো আগেভাগে প্রকাশ করছেন দেব।
‘ইলিশ চন্দনা’ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন দুর্গাপূজাকে মাতাতে বিশেষ উৎসবের গান হিসেবেই এটি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষায়, ‘এবার পূজা মাতাবে মাছের ও নাচের রানি।’
মন্তব্য করুন