বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বার, ২০২৬, ০৭:২০ পিএম

অনলাইন সংস্করণ

নগ্ন স্পোর্টস বিজ্ঞাপন ঘিরে সমালোচনা, ইনস্টাগ্রামে অনুসারী কমল সিডনি সুইনির

খেলাধুলাভিত্তিক বেটিং ও স্পোর্টস প্রেডিকশন প্ল্যাটফর্ম নভিগের একটি বিজ্ঞাপনে নগ্ন অবস্থায় উপস্থিত হয়ে সমালোচনার মুখে পড়েছেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। বিজ্ঞাপনটি প্রকাশের পর দুই দিনে তাঁর ইনস্টাগ্রাম অনুসারী দুই লাখের বেশি কমেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেডের পরিসংখ্যানে উঠে এসেছে।

গত ৯ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটি প্রকাশ করেন ‘ইউফোরিয়া’ তারকা সিডনি। প্রায় এক মিনিটের বিজ্ঞাপনটিতে তাঁকে শরীরের বিভিন্ন অংশ ফুটবল, বাস্কেটবল, সকার বল ও হকি নেটসহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম দিয়ে আড়াল করে দেখা যায়। বিজ্ঞাপনটি প্রকাশের পর প্রথম তিন দিনে তাঁর অনুসারী প্রায় ৫০ হাজার বেড়েছিল। পরে অনুসারী কমতে শুরু করে।

সোশ্যাল ব্লেডের হিসাবে, রোববার সিডনির অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৩৬ হাজার ৮৪৮ জন অনুসারী কমে যায়। পরদিন আরও প্রায় ৬৮ হাজার অনুসারী তাঁকে আনফলো করেন। সব মিলিয়ে দুই দিনে কমে যায় দুই লাখের বেশি অনুসারী। তবে তাঁর মোট অনুসারী ২ কোটি ৫০ লাখের বেশি হওয়ায় এই সংখ্যা মোট অনুসারীর ১ শতাংশেরও কম। সোশ্যাল ব্লেডের পরিসংখ্যান অনুসারী কমার তথ্য দেখালেও ব্যক্তিগতভাবে কেন কেউ আনফলো করেছেন, তা নির্ধারণ করে না।

বিজ্ঞাপন নিয়ে সমালোচনা

বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। বিশেষ করে কয়েকজন নারী ক্রীড়াবিদ অভিযোগ করেন, বিজ্ঞাপনে নারীর শরীরকে খেলাধুলার প্রচারণায় যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে।

অস্ট্রেলিয়ার চারবারের অলিম্পিক সোনাজয়ী সাঁতারু আরিয়ার্ন টিটমাসও বিজ্ঞাপনটির সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, নারীর শরীরকে পণ্য হিসেবে ব্যবহার এবং নারী খেলাধুলাকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে উপস্থাপন এখনো কেন চলছে।

এ ছাড়া ব্রিটিশ স্প্রিন্টার অ্যামি হান্ট, মার্কিন জিমন্যাস্ট গ্রেসি ক্রেমার, অস্ট্রেলীয় বক্সার স্কাই নিকলসন এবং ওয়াটার পোলো খেলোয়াড় টিলি কার্নসসহ আরও কয়েকজন ক্রীড়াবিদ বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন।

কী বললেন সিডনি

সমালোচনার মধ্যেও বিজ্ঞাপনটির পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন সিডনি। এক বিবৃতিতে তিনি বলেন, প্রচারণাটি একটি মজার ভাবনাকে তুলে ধরার চেষ্টা এবং এর উদ্দেশ্য ছিল বিভিন্ন কোলাহল সরিয়ে খেলাধুলার দিকে মনোযোগ আনা। তাঁর ভাষ্য অনুযায়ী, আত্মবিশ্বাস, রসিকতা ও খেলাচ্ছলে সেই ধারণাই বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে।

নভিগের সঙ্গে সিডনির সম্পর্ক শুধু বিজ্ঞাপনে অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদার ও ইকুইটি হোল্ডার। বিজ্ঞাপনে নভিগে শুধু খেলাধুলা নিয়ে পূর্বাভাস দেওয়ার সুযোগ থাকার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

সমালোচনার মধ্যেই সিডনি নভিগের বিজ্ঞাপনের কয়েকটি ছবি ও ভিডিও আবার ইনস্টাগ্রামে প্রকাশ করেন। পরে ইনস্টাগ্রাম স্টোরিতে ইএসপিএনের ‘বডি ইস্যু’-র কয়েকটি প্রচ্ছদও শেয়ার করেন, যেখানে বিভিন্ন ক্রীড়াবিদকে নগ্ন বা স্বল্প পোশাকে দেখা গেছে। তাঁর এই পোস্টকে কেউ কেউ বিজ্ঞাপনটির সমালোচনার জবাব হিসেবে দেখলেও সিডনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

নভিগের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পাশাপাশি সিডনির আগের কয়েকটি বিজ্ঞাপন নিয়েও সমালোচনা হয়েছিল। ২০২৫ সালে আমেরিকান ঈগলের একটি জিনসের বিজ্ঞাপন এবং চলতি বছর তাঁর অন্তর্বাসের ব্র্যান্ডের প্রচারণা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়।

মন্তব্য করুন