তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৫৫ মিনিট আগে, ০৫:১৪ পিএম

অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর প্রাণহানি; মোট আক্রান্ত পৌনে দুই লাখ ছুঁইছুঁই

দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা মারাত্মক আকার ধারণ করে এক হাজার স্পর্শ করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিন শিশুর মৃত্যু হওয়ায় এই ভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ আশঙ্কাজনক তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে হামের উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৯০২ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ শিশু। সবশেষ ২৪ ঘণ্টায় নতুন তিনজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে, তবে নিশ্চিত হাম আক্রান্তদের মাঝে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৯ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ৬৯ জনের দেহে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে উপসর্গ ও নিশ্চিত মিলিয়ে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৮৪ জনে। যার মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জন উপসর্গের রোগী এবং ১৯ হাজার ৯০৪ জন ল্যাব নিশ্চিত আক্রান্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়সীমার মধ্যে দেশের হাসপাতালগুলোতে উপসর্গ নিয়ে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন শিশু।

 

মন্তব্য করুন