তরুণ কন্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৪:১৩ পিএম

অনলাইন সংস্করণ

ফগার মেশিনে প্রথমবার মুদাফরগঞ্জে মশা নিধন

ছবি: সংগৃহীত

সারা দেশের ন্যায় লাকসাম উপজেলার মুদাফরগন্জ বাজারসহ নগরী পাড়া এলাকায় মশা বাহিত রোগ ঠেকাতে প্রথমবার ফগার মেশিনের ধোঁয়া নির্গত করে ঔষধ দেওয়া হয়। কুমিল্লা ০৯- (লাকসাম-মনোহরগন্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের সহযোগিতায় এবং লাকসাম উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার বিশেষ উদ্যোগে ১ আগষ্ট শনিবার দিনব্যাপী মুদাফরগন্জে মশা নিধন অভিযান পরিচালিত হয়। এছাড়াও পরিবেশ পরিচ্ছন্নতা সচেতনতা নিয়ে একটি র‍্যালি মুদাফরগন্জ বাজারে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মুদাফরগন্জ এলাকার এতিমখানা, মসজিদসহ আসপাশের বাড়ীর আঙ্গিনায় মশার ঔষধ দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা উপজেলার প্রতিটি ইউনিয়ন ব্যাপী মশক নিধন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের পর্যাপ্ত ঔষধসহ অন্যান্য সহযোগী জিনিসপত্র মজুদ আছে। শীঘ্রই উপজেলার সকল ইউনিয়ন ব্যাপী কার্যক্রম পরিচালনা করা হবে। 

মুদাফরগন্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম বলেন, আমরা নিজেরাই অধিকাংশ সমস্যার জন্য দায়ী। আমাদের আসপাশের পরিবেশ রক্ষায় আমরা উদাসীন। আমি অনুরোধ করবো আমরা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকি। তাহলে মশা বাহিত রোগ অনেকাংশে কমে আসবে।

গণমাধ্যম ব্যাক্তি কাজী শামীম বলেন, আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকার চায় দেশের মানুষের অসুস্থতা কমিয়ে আনতে। তাই দেশের মানুষ সুস্থ থাকার জন্য সরকার বিভিন্ন ভাবে জেলা ও উপজেলা পর্যায়ে সেবামূলক কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। আমি চাই এসব স্বাস্থ্যসেবা মূলক উদ্যোগ গুলো ধারাবাহিকভাবে পরিচালিত হোক। বিশেষ এই কার্যক্রমে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি ও আমাদের স্থানীয় জনগণের পক্ষ থেকে ইউএনও মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন মুদাফরগন্জ উত্তর ইউনিয়ন পরিষদের সচিব ফখরুল ইসলাম, কাজী আব্দুল গণী, কাজী জহিরুল ইসলাম, কাজী সিদ্দিকুর রহমান, মহশিন মৃধা, আব্দুল ওয়াদুদ মৃধা, কাজী রাসেল, আলমগীর হোসেন মৃধা, ইকবাল মৃধা, কাজী সোহাগ, কাজী দিদারসহ স্থানীয় অনেকে। এসময় ফগার মেশিন পরিচালনা করেন লাকসাম পৌরসভার স্টাফ মোঃ দুলাল মিয়া।

মন্তব্য করুন