তথ্য ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৬:০৮ পিএম

অনলাইন সংস্করণ

কবে আসছে আইফোন ১৮ প্রো ম্যাক্স, জানা গেল সম্ভাব্য তারিখ

ছবি: সংগৃহীত

অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স এবং অ্যাপলের প্রথম ফোল্ডিং আইফোন বাজারে আসার প্রক্রিয়া শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উদ্বোধনী দিনেই ডেভেলপারদের জন্য আইওএস ২৭-এর প্রথম বিটা সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। অ্যাপল জানিয়েছে, আগামী জুলাই মাসে সাধারণ ব্যবহারকারীদের জন্য এর পাবলিক বিটা সংস্করণ উন্মুক্ত করা হবে। আগের বছরের সময়সূচির সঙ্গে মিল থাকায় বিশ্লেষকেরা মনে করছেন, নতুন আইফোন উন্মোচনের প্রক্রিয়াও নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।

প্রতি বছরের ধারাবাহিকতায় সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অ্যাপল তাদের প্রধান উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে থাকে। এবার যুক্তরাষ্ট্রের ‘লেবার ডে’ ছুটির কারণে ৯ সেপ্টেম্বর আইফোন ১৮ সিরিজের মূল কি-নোট ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।

সম্ভাব্য সূচি অনুযায়ী, ওই সপ্তাহের শেষ দিকে অর্থাৎ ১১ সেপ্টেম্বর থেকে নতুন আইফোনগুলোর প্রি-অর্ডার শুরু হতে পারে। একই সময়ে আইওএস ২৭-এর পূর্ণাঙ্গ সংস্করণও উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আইফোন ১১ বা তার পরবর্তী মডেলের ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন।

সব কিছু ঠিক থাকলে ১৮ সেপ্টেম্বর থেকে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স বিশ্ববাজারে সরাসরি বিক্রির জন্য উন্মুক্ত করা হতে পারে। এর আগে প্রযুক্তি বিশ্লেষকদের রিভিউ প্রকাশ শুরু হবে, যা ক্রেতাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।

এবারের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে অ্যাপলের প্রথম ফোল্ডিং আইফোন, যা ‘আইফোন আল্ট্রা’ নামে পরিচিতি পেতে পারে। তবে ফোল্ডিং ডিসপ্লের জটিল উৎপাদন প্রক্রিয়ার কারণে এই মডেলটি বাজারে আনতে কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২০১৭ সালে আইফোন এক্স উন্মোচনের সময়ও অ্যাপল একই কৌশল গ্রহণ করেছিল—ঘোষণার পর কয়েক সপ্তাহ বিলম্বে ডিভাইসটি বাজারে আনা হয়। বিশ্লেষকদের মতে, ফোল্ডিং আইফোনের ক্ষেত্রেও অনুরূপ কৌশল অনুসরণ করা হতে পারে।

প্রযুক্তি বাজারে নতুন এই ডিভাইসগুলোর আগমন বৈশ্বিক স্মার্টফোন শিল্পে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন