প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ১০:২৪ এ এম
অনলাইন সংস্করণ
দেশের দুই জেলার বেশ কিছু এলাকায় আজ শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ আগেই চালু করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃপক্ষ।
সিলেটের ওসমানী বিমানবন্দর এলাকা এবং নাটোরের চৌকিরপাড় ফিডারের আওতাধীন এলাকাগুলোতে এই লোডশেডিং কার্যকর হবে।
সিলেট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, লাক্কাতুয়রা স্টেডিয়াম উপকেন্দ্রের অধীনে তিনটি ফিডারের আওতাভুক্ত এলাকায় আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎহীন এলাকাগুলো হলো— ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, সিলেট ক্লাব, পর্যটন ও অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, কাকুয়ারপাড়, ফরিদাবাদ হাউজিং, আবাদানি, বড়শালা বাজার (আংশিক), সিলভার সিটি, ফরিদাবাদ, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রঙ্গটিলা ও সালুটিকর ঘাট।
অন্যদিকে, নাটোরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজ চলবে। এ কারণে চৌকিরপাড় ফিডার এলাকায় আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যেই এই রক্ষণাবেক্ষণ কাজ জরুরি। সাময়িক অসুবিধার জন্য বিউবো ও নেসকো উভয় কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। এলাকাবাসীকে প্রয়োজনীয় গৃহস্থালি কাজ আগেভাগে সেরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন