প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ায় তীব্র বিরক্তি প্রকাশ করেছেন দেশটির তারকা অভিনেত্রী ভানিজা সাত্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে কয়েকটি ভিউয়ের আশায় তারকাদের নামে মিথ্যা খবর ছড়ানোর প্রবণতা নিয়েও ক্ষোভ জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, ভানিজা সাত্তার ও শোয়েব মালিক বিয়ে করেছেন। ভিডিওটি নজরে আসার পর ইনস্টাগ্রাম স্টোরিতে এর প্রতিবাদ জানান অভিনেত্রী।
বিরক্তি প্রকাশ করে ভানিজা লেখেন, ‘ও মাই গড গাইজ, আবার শুরু হলো!’
এরপর তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভাবুন তো, বিশ্বে কথা বলার মতো কত বিষয় রয়েছে, আর মানুষ শুধু কিছু ভিউয়ের আশায় কারো নামে মিথ্যা খবর বানিয়ে প্রচার করছে!’
তবে এই গুঞ্জন এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে এসে শোয়েব মালিকের সঙ্গে তাঁর পরিচয় নিয়ে কথা বলেছিলেন ভানিজা। অভিনেত্রী স্পষ্ট জানিয়েছিলেন, শোয়েব মালিকের সঙ্গে তাঁর কখনো সামনাসামনি দেখাই হয়নি। এমন পরিস্থিতিতে তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি।
ভানিজা জানান, প্রথমে বিষয়টিকে নিছক রসিকতা ভেবেছিলেন। কিন্তু পরে তাঁর বন্ধু ও আত্মীয়স্বজনেরা ফোন করে পরিবারের কাছে খবরটির সত্যতা জানতে চাইতে শুরু করেন। এতে বিষয়টি বিব্রতকর ও অস্বস্তিকর হয়ে ওঠে।
বারবার এমন খবর ছড়িয়ে পড়ায় এবারও প্রতিবাদ জানালেন অভিনেত্রী। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই না করে ভিত্তিহীন তথ্য প্রচার বন্ধ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন