বিনোদন অনলাইন

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০১:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস

সংগৃহীত

পর্দায় নিয়মিত উপস্থিতি না থাকলেও বছরজুড়েই আলোচনায় থাকেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। বিভিন্ন শোরুম উদ্বোধন থেকে শুরু করে ব্র্যান্ড প্রমোশন এবং সামাজিক মাধ্যমে নিত্যনতুন লুকে ছবি পোস্ট করে তিনি ভক্তদের মাঝে সবসময়ই আলোচিত। তবে কাজের বাইরেও তার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকদের মধ্যে।

দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরোনো এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন। সেখানে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল।” তিনি আরও পরামর্শ দেন, পরিপক্বতা না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

ভবিষ্যতে নতুন করে সংসার করার পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি তিনি। বরং বিষয়টি এড়িয়ে গিয়ে রহস্য বজায় রাখেন। একই সঙ্গে বর্তমান সময়ের ট্রল ও সমালোচনা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন এই নায়িকা। তার ভাষ্য, নেতিবাচক মন্তব্য তাকে খুব একটা প্রভাবিত করে না; বরং অনেক সময় সেগুলো তিনি উপভোগও করেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউডের মেগাস্টার শাকিব খান-কে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে তিনি বিয়ের খবর প্রকাশ করেন। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।

সাক্ষাৎকারে শুটিং ফ্লোরের অভিজ্ঞতাও তুলে ধরেন অপু বিশ্বাস। তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি অনেক বেশি আবেগপ্রবণ ছিলেন, যা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। উল্লেখ্য, গেল ঈদুল ফিতরে তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তি না পেলেও আসন্ন কোরবানির ঈদে ‘সিক্রেট’ সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত কিছু জানাতে রাজি হননি এই তারকা।

মন্তব্য করুন