প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ
বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে। রোববার রাতে নিজের ফেসবুক পেজ থেকে দীর্ঘ ৫২ মিনিটের এক লাইভ বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তাঁর মতে, দেশের বর্তমান গতিপথ কোনো সুখকর বার্তা দিচ্ছে না।
হাসনাত আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, সংসদে আইনের গতিপ্রকৃতি এখন সম্পূর্ণ সরকারের ইচ্ছাধীন হয়ে পড়েছে। বিশেষ করে পুলিশ সংস্কারের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গঠিত কমিশনের প্রস্তাবগুলো সংসদে উত্থাপন না করায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন।
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর দেওয়া তথ্যের বরাত দিয়ে হাসনাত জানান, দেশের শীর্ষ ২০টি ঋণখেলাপি প্রতিষ্ঠানের মধ্যে নয়টিই এস আলম গ্রুপের। তিনি অভিযোগ করেন, "এই ঋণখেলাপিদের পুনরায় ব্যাংকিং খাতে আধিপত্য ফিরিয়ে দেওয়ার জন্য আইন পাস করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসের জন্য একটি কালো দিন।"
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য বলেন, ছাত্র-জনতার সেই আত্মত্যাগ ছিল রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের (স্ট্রাকচারাল রিফর্ম) জন্য। কিন্তু বর্তমানে কোনো বাস্তবমুখী সংস্কার পরিলক্ষিত হচ্ছে না। তিনি সতর্ক করে বলেন, "সংখ্যাগরিষ্ঠতা কখনোই সবসময় ভালো কিছু নিয়ে আসে না, আপনারা বর্তমানে কেবল আত্মতুষ্টিতে ভুগছেন।"
বক্তৃতার শেষ পর্যায়ে বিএনপি মন্ত্রীদের পক্ষ থেকে আসা চাপের বিষয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন হাসনাত। তিনি বলেন, "আমার এলাকার বাজেট বা উন্নয়ন বন্ধ করে দিতে চাইলে দিন। পুলিশকে আমাদের সহায়তা না করার নির্দেশ দিতে চাইলে দিন। আমি বিশ্বাস করি, বাংলাদেশের সাধারণ জনগণ আমাদের পাশেই আছে।" জনগণের শক্তির ওপর আস্থা রেখে তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মন্তব্য করুন