বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১১:০৩ এ এম

অনলাইন সংস্করণ

থালাপতি বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমা ‘জন নায়গন’ অনলাইনে ফাঁস

থালাপতি বিজয় । ছবি: সংগৃহীত

থালাপতি বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমা ‘জন নায়গন’ মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে। এ ঘটনায় ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, সিনেমাটি আগে ৯ জানুয়ারি মুক্তির কথা থাকলেও সার্টিফিকেশন সংক্রান্ত জটিলতার কারণে তা পিছিয়ে যায়। এরপর ৯ এপ্রিল পুরো সিনেমাটি এইচডি কোয়ালিটিতে অনলাইনে ফাঁস হয়ে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দৃশ্য ছড়িয়ে পড়ে।

ভক্তরা আশঙ্কা করছেন, এতে সিনেমাটির বক্স অফিসে বড় ধরনের ক্ষতি হতে পারে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সিনেমাটি যত দ্রুত সম্ভব প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া উচিত, নইলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। একজন ভক্ত অনুরোধ করেন, লিক হওয়া ভিডিও ডাউনলোড বা শেয়ার না করে হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য।

সিনেমাটির বাজেট প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি রুপি বলে জানা গেছে। এতে থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, প্রকাশ রাজ ও প্রিয়ামনি। পরিচালনা করেছেন এইচ বিনোদ এবং প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়াণ।

প্রযোজক ও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) মধ্যে কিছু সমস্যার কারণে সিনেমার মুক্তি বিলম্বিত হয়েছে। বর্তমানে সিনেমাটির মুক্তির নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

ফাঁস হওয়ার ঘটনায় ভক্তদের পাশাপাশি সিনেমা সংশ্লিষ্টদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত কপিরাইট ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

মন্তব্য করুন