প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং এক বা উভয় পা গুরুতরভাবে জখম হয়েছে। তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।
রয়টার্স শুক্রবার খামেনির ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে, ৫৬ বছর বয়সি মোজতবা খামেনি ক্ষত থেকে সেরে উঠছেন এবং মানসিকভাবে তিনি তীক্ষ্ণ আছেন। তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং চলমান যুদ্ধ ও ওয়াশিংটনের সঙ্গে আলোচনাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের প্রথম দফার হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সেই হামলায় মোজতবা খামেনিও আহত হন। এরপর ৮ মার্চ তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। কিন্তু সেদিন থেকে তিনি এখনো প্রকাশ্যে আসেননি। তার কোনো ভিডিও, অডিও বা ছবি প্রকাশিত হয়নি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত ১৩ মার্চ বলেছিলেন, মোজতবা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তিনি পঙ্গু হয়েছেন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে ধারণা করা হচ্ছে, তিনি একটি পা হারিয়েছেন। তবে সিআইএ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
রয়টার্স জানিয়েছে, এই তথ্যগুলো নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে আজ শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন উচ্চপর্যায়ের বৈঠকের ঠিক আগে মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।
গত ছয় সপ্তাহের যুদ্ধে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। মোজতবা খামেনি সেই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
মন্তব্য করুন