বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০২:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব ঢাকা চেম্বারের

ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে করমুক্ত আয়সীমা বর্তমানের ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আজ সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনা সভায় এই দাবি জানানো হয়। সংস্থাটি মনে করছে, বর্তমানের সাড়ে ৮ শতাংশ মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বজায় রাখতে এই পরিবর্তন অত্যন্ত জরুরি। শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের উপস্থিতিতে সভায় করদাতাদের সর্বোচ্চ করহার ২৫ শতাংশে নামিয়ে আনারও সুপারিশ করা হয়।

ঢাকা চেম্বার তাদের পর্যবেক্ষণে জানিয়েছে যে দেশের অর্থনীতির প্রায় ৮০ শতাংশ এখনো অনানুষ্ঠানিক খাতের অন্তর্ভুক্ত। বিপুল সংখ্যক মানুষ করজালের বাইরে থাকায় সরকার প্রতিবছর বিশাল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই সমস্যা সমাধানে কর পদ্ধতিকে সম্পূর্ণ অটোমেশন বা স্বয়ংক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। কর জাল সম্প্রসারণের মাধ্যমে সম্ভাব্য করদাতাদের শনাক্ত করা সম্ভব হলে সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে বলে তারা মনে করে।

২০২৬-২৭ অর্থবছরের জন্য দেওয়া ২৩টি প্রস্তাবনার মধ্যে নন-লিস্টেড কোম্পানির করহার হ্রাস এবং আমদানি পর্যায়ে আগাম কর বাতিলের বিষয়টিও বিশেষভাবে আলোচিত হয়েছে। ব্যবসায়ীরা ভ্যাট সংগ্রহের প্রক্রিয়াকে আধুনিক করতে মোবাইল অ্যাপ চালুর দাবি জানিয়েছেন। এছাড়া ভ্যাট ফেরত বা রিফান্ড প্রক্রিয়া সহজ করতে ‘সিঙ্গেল স্টেপ’ বা এক দরজায় সেবা প্রদানের ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে একটি বাস্তবমুখী ও ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নই এখন মূল লক্ষ্য হওয়া উচিত বলে ব্যবসায়িক নেতারা মত দিয়েছেন।

মন্তব্য করুন