প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:০৬ এ এম
অনলাইন সংস্করণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযান খুব শিগগিরই শেষ হতে পারে। সোমবার ফ্লোরিডার ডোরাল এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, এই যুদ্ধ পরিকল্পনার তুলনায় অনেক দ্রুত লক্ষ্যের দিকে এগোচ্ছে।
এর আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন পুতিন।
ট্রাম্পের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের বিভিন্ন স্থানে প্রায় ৫ হাজার লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনী।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মজুদ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ড্রোন তৈরির ঘাঁটিগুলোর অবস্থান এখন তাদের জানা রয়েছে এবং সেগুলো একের পর এক ধ্বংস করা হচ্ছে।
ট্রাম্প আরও দাবি করেন, ধারাবাহিক হামলার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং তা এখন আগের তুলনায় প্রায় ১০ শতাংশ বা তারও নিচে নেমে এসেছে।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের এই সংঘাত ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন