আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৪:২৫ পিএম

অনলাইন সংস্করণ

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে সম্মত যুক্তরাষ্ট্র: আলোচনায় অগ্রগতির ইঙ্গিত

ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার মধ্যেই গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে জব্দ করে রাখা ইরানের অর্থ ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।

রয়টার্সের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইরানি সূত্র জানিয়েছে, এই সম্পদ মুক্ত করার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, এই পদক্ষেপ আলোচনা প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হতে পারে।

আরেক ইরানি সূত্র দাবি করেছে, কাতারে রাখা প্রায় ৬ বিলিয়ন ডলারের ইরানি তহবিল ছাড়তে রাজি হয়েছে ওয়াশিংটন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, এই ৬ বিলিয়ন ডলার ২০১৮ সালে জব্দ করা হয়। ২০২৩ সালে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে অর্থ ছাড়ার কথা ছিল, কিন্তু ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আবারও এই অর্থ স্থগিত করে। সে সময় যুক্তরাষ্ট্র জানায়, অনির্দিষ্ট সময়ের জন্য ইরান এই অর্থ ব্যবহার করতে পারবে না।

বিশ্লেষকরা মনে করছেন, ইসলামাবাদের আলোচনায় এই অর্থ ছাড়ার বিষয়টি চূড়ান্ত হলে তা হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা কমাতে এবং বৃহত্তর সমঝোতার পথ খুলে দিতে পারে।

বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদল আলোচনায় বসেছে। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

এই আলোচনা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তি ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন