বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৫:১৫ পিএম

অনলাইন সংস্করণ

পর্দার অভিনয় আর বাস্তব জীবনের সম্মতি এক নয়: কীর্তির পাশে নেটিজেনরা

দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশের নতুন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’র প্রচার অনুষ্ঠানে সহ-অভিনেতা মিসকিনের আচরণ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কীর্তির ব্যক্তিগত পরিসর ও শারীরিক স্পর্শের ক্ষেত্রে সম্মতির বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

গত বুধবার (১৮ নভেম্বর) চেন্নাইয়ে সিনেমাটির প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কীর্তি সুরেশ ও মিসকিন। অনুষ্ঠানে কীর্তির প্রশংসা করার সময় মিসকিনকে তাঁর কোলে ও পায়ের ওপর বারবার হাত রাখতে দেখা যায়। ভিডিওতে কীর্তির মুখভঙ্গি দেখে তিনি অস্বস্তিতে পড়েছিলেন বলে মনে করছেন সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশের ব্যবহারকারী।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নানা মন্তব্য করেন নেটিজেনরা। একজন ব্যবহারকারী প্রশ্ন তোলেন, সামান্য স্পর্শেই কেন কীর্তিকে অস্বস্তিতে দেখা গেল? সিনেমার দৃশ্যে অনেক কিছু ঘটলেও বাস্তব জীবনে এমন আচরণে তাঁর প্রতিক্রিয়া কেন আলাদা, সেই প্রশ্নও তোলেন তিনি।

তবে ওই মন্তব্যের সঙ্গে একমত নন অধিকাংশ নেটিজেন। তাঁদের মতে, সিনেমার প্রয়োজনে অভিনয়ের সময় শারীরিক স্পর্শ এবং বাস্তব জীবনে কারও অনুমতি ছাড়া স্পর্শ করা এক বিষয় নয়। পর্দায় কোনো দৃশ্যে অভিনয়ের সম্মতি দেওয়ার অর্থ এই নয় যে, বাস্তব জীবনেও একজন অভিনেত্রীর ব্যক্তিগত পরিসর লঙ্ঘন করা যাবে।

আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটা বাস্তব জীবন, কোনো সিনেমার দৃশ্য নয়। মিসকিনের উদ্দেশ্য যা-ই হোক না কেন, কীর্তি তার আচরণে অস্বস্তি বোধ করে থাকলে তা প্রকাশ করার সম্পূর্ণ অধিকার তার রয়েছে।’

অন্য এক ব্যবহারকারীও শারীরিক স্পর্শের ক্ষেত্রে সম্মতির গুরুত্ব তুলে ধরেন। তাঁর মতে, সিনেমার দৃশ্যে স্পর্শের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সম্মতি থাকে। বাস্তব জীবনেও শারীরিক স্পর্শের ক্ষেত্রে সেই সম্মতি প্রয়োজন।

এদিকে চলতি বছরের জুলাইয়ে মুক্তির কথা থাকলেও পরে পিছিয়ে ‘সত্যবান সাবিত্রী’ সিনেমার মুক্তির তারিখ নির্ধারণ করা হয় আজ শুক্রবার (২০ নভেম্বর)। একই দিনে মুক্তি পাচ্ছে ধনুশ ও সাই পল্লবী অভিনীত ‘ওম’ সিনেমাও। একই দিনে দুই সিনেমা মুক্তি পাওয়ায় বক্স অফিসে তাদের প্রতিদ্বন্দ্বিতা নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

 

মন্তব্য করুন