বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৫:১৩ পিএম

অনলাইন সংস্করণ

রণবীরের সঙ্গে দাম্পত্যে অশান্তির গুঞ্জন, যা বললেন আলিয়া

বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের দাম্পত্য সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা-সমালোচনা চলছে। এবার এসব জল্পনার জবাব দিয়েছেন আলিয়া। তাঁর মতে, তাঁদের সম্পর্ক নিয়ে বাইরের মানুষের এমন ধারণা তৈরি করা অপমানজনক।

২০২২ সালের এপ্রিলে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আলিয়া ও রণবীর। এরপর বিভিন্ন সাক্ষাৎকার, মন্তব্য ও জনসমক্ষে তাঁদের উপস্থিতি বিশ্লেষণ করে দাম্পত্য সম্পর্কের সমীকরণ নিয়ে নানা ধারণা প্রকাশ করেছেন নেটিজেনরা। কেউ কেউ আলিয়াকে অসম দাম্পত্য সম্পর্কে রয়েছেন বলেও মন্তব্য করেছেন।

টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ বিভাগে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া এসব ধারণার বিরোধিতা করেন। তিনি বলেন, নারীদের নিজের চিন্তাভাবনা ও অনুভূতি সম্পর্কে সচেতন থাকার পক্ষে তিনি সবসময় কথা বলেন। তাই তাঁকে এমন একজন হিসেবে তুলে ধরা, যিনি কল্পিত কোনো পরিস্থিতিতে কষ্ট সহ্য করে যাচ্ছেন, তা অপমানজনক।

দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রচলিত সামাজিক ধারণা ও প্রত্যাশার সঙ্গে তাঁদের সম্পর্কের পার্থক্যের কারণেই এমন আলোচনা তৈরি হচ্ছে বলে মনে করেন আলিয়া। তিনি বলেন, কোনো চেষ্টা ছাড়াই যখন একজন মানুষ নিজেকে অন্যের কাছে অনুভূত হতে দেখেন এবং কিছু না বলেও নিজের কথা শোনা হচ্ছে বলে মনে করেন, তখনই একটি সম্পর্কের ভিত্তি তৈরি হয়। আমার কাছে রণবীর এমনই। এটাই আমাদের বাস্তবতা।

এর আগে ২০২৩ সালের আগস্টে ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীরের পছন্দ নিয়ে কথা বলেছিলেন আলিয়া। তিনি জানিয়েছিলেন, তাঁর ঠোঁটের স্বাভাবিক রং পছন্দ করেন রণবীর। এ কারণে কখনো কখনো তাঁকে লিপস্টিক মুছে ফেলতে বলতেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই রণবীরের আচরণকে নিয়ন্ত্রণমূলক বলে সমালোচনা করেন। কেউ কেউ তাঁকে ‘রেড ফ্ল্যাগ’ বলেও আখ্যা দেন।

এ নিয়ে বিতর্কের মধ্যে ২০২৩ সালের নভেম্বরে ‘কফি উইথ করণ ৮’ অনুষ্ঠানে স্বামীর পক্ষ নেন আলিয়া। তিনি বলেন, রণবীরের মন্তব্যকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর স্বামীকে যেভাবে তুলে ধরা হচ্ছে, বাস্তবে তিনি তেমন নন।

এদিকে রণবীর কাপুরের হাতে রয়েছে একাধিক চলচ্চিত্রের কাজ। সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে আলিয়া ও রণবীরকে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশলও। সিনেমাটি ২০২৭ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

মন্তব্য করুন