বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৪:১৩ পিএম

অনলাইন সংস্করণ

আবদুল এল-সায়েদের পোস্টে শাকিরার মজার মন্তব্য

রাজনৈতিক বিতর্কের মধ্যেই রসিকতাপূর্ণ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদের নির্বাচনী প্রচারণার একটি পোস্টে মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

গত ১২ নভেম্বর এল-সায়েদের নির্বাচনী প্রচারণার ওই পোস্টে শাকিরা লেখেন, ‘অবশেষে এমন একটি আইন পাওয়া গেল, যার সঙ্গে আমার নিতম্বও একমত! হাবিবি, তুমি কি মনে করো কংগ্রেসে এটি পাস করাতে পারবে?’

শাকিরার মন্তব্যে তাঁর জনপ্রিয় গান ‘Hips Don't Lie’-এর প্রতি ইঙ্গিত রয়েছে। পাশাপাশি আরবি শব্দ ‘হাবিবি’ ব্যবহার করে মন্তব্যটিতে যোগ করেছেন বাড়তি রসিকতা। তাঁর এই প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

ঘটনার সূত্রপাত মিশিগানের সিনেট নির্বাচনকে কেন্দ্র করে। ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদের মুসলিম পরিচয় নিয়ে প্রচারণার সময় বিভিন্ন বিতর্ক তৈরি হয়। তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইন চালুর পরিকল্পনা করার অভিযোগও ওঠে। এসব অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি ‘শাকিরা ল’ বা ‘শাকিরা আইন’ শব্দবন্ধ ব্যবহার করেন।

গত ১৪ অক্টোবর প্রকাশিত এক প্রচারণামূলক ভিডিওতে এল-সায়েদ ব্যাখ্যা করেন, কারও ওপর শরিয়াহ আইন চাপিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই। বরং মজার ছলে তিনি বলেন, শাকিরা আইনের মূল কথা হলো—নিতম্ব কখনো মিথ্যা বলে না। শাকিরার বিখ্যাত গানের শিরোনামকে কাজে লাগিয়েই রাজনৈতিক অভিযোগের জবাব দেন তিনি।

মিসরীয় বংশোদ্ভূত চিকিৎসক ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আবদুল এল-সায়েদ ২০২৬ সালের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর মুসলিম পরিচয়কে কেন্দ্র করে প্রচারিত বিভিন্ন অভিযোগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পলিটিফ্যাক্টের তথ্য অনুযায়ী, তাঁর পুরোনো বক্তব্যের কিছু অংশ কেটে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছিল।

 

মন্তব্য করুন