তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৩:১৭ পিএম

অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণের দামে আরও পতনের আশঙ্কা

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতনের পর আরও কমার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে উদ্বেগ, ডলারের শক্তিশালী অবস্থান এবং বিনিয়োগকারীদের বাধ্য হয়ে সম্পদ বিক্রির কারণে স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। গত শুক্রবার (২০ নভেম্বর) দেশে এক ধাক্কায় ভরিতে প্রায় ১১ হাজার টাকা কমেছে স্বর্ণের দাম।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনের পেছনে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ার আশঙ্কা, বাধ্য হয়ে সম্পদ বিক্রি এবং দরপতনের প্রত্যাশায় বিনিয়োগকারীদের নেওয়া কৌশল। এসব কারণে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু।

বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষকদের ধারণা, স্বর্ণের দাম স্থিতিশীল হওয়ার আগে আরও কমতে পারে। গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৩ হাজার ৫২৫ দশমিক ২৫ ডলারে নেমে আসে। এটি গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। পুরো সপ্তাহে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ দশমিক ২ শতাংশ। অথচ গত জানুয়ারিতে এর দাম রেকর্ড ৫ হাজার ৫১৫ ডলারে উঠেছিল।

মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কমিয়ে দিয়েছে।

পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, স্বর্ণের বাজার এখন সামষ্টিক অর্থনৈতিক প্রতিকূলতা এবং বাধ্য হয়ে সম্পদ বিক্রির মতো পরিস্থিতির এক জটিল সংকটের মুখোমুখি।

ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি ডলারকে শক্তিশালী করেছে এবং ট্রেজারি বন্ডের ইল্ড বা মুনাফার হার বাড়িয়েছে। স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে অন্য সম্পদে মুনাফার সুযোগ বাড়লে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যায়।

এদিকে, বিশ্বজুড়ে শেয়ারবাজারে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর শেয়ারে দরপতন ঘটছে। এ পরিস্থিতিতে নগদ অর্থ সংগ্রহের জন্য বিনিয়োগকারীরা স্বর্ণসহ বিভিন্ন সম্পদ বিক্রি করছেন। এতে স্বর্ণের দামে নিম্নমুখী চাপ আরও বেড়েছে।

সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালেচা বলেন, শুক্রবার স্বর্ণের দরপতন এমন কিছু নেতিবাচক শক্তির প্রতিফলন, যা একে অপরকে আরও শক্তিশালী করে তুলছে। তাঁর মতে, ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি ডলারকে চাঙ্গা করেছে, যা স্বর্ণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। একই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট শেয়ারে বড় ধরনের বিক্রয়চাপের কারণে বিনিয়োগকারীরা বিভিন্ন সম্পদ থেকে নগদ অর্থ তুলে নিচ্ছেন। তাঁরা সেই অর্থ নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রগুলোতে সরিয়ে নিচ্ছেন না।

বিজয় ভালেচা জানান, বাজারের প্রবণতা অনুসরণ করে বিনিয়োগ করা তহবিলগুলো এরই মধ্যে স্বর্ণের ক্ষেত্রে ‘শর্ট পজিশন’ বা দরপতন থেকে মুনাফা অর্জনের কৌশল বাড়িয়েছে। অন্যদিকে, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ইটিএফ) বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি বিনিয়োগ থেকে সরে যাননি। ফলে সামনে আরও বিক্রয়চাপ তৈরির আশঙ্কা রয়েছে।

বর্তমানে প্রতি ট্রয় আউন্স স্বর্ণ প্রায় ৩ হাজার ৫২৫ ডলারে লেনদেন হচ্ছে। বাজার বিশ্লেষকদের নজর এখন ৩ হাজার ৫০০ ডলারের মনস্তাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্তরের দিকে। ক্রেতারা এই স্তর ধরে রাখতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ক্রিস ওয়েস্টনের মতে, স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে সেখানে অবস্থান করলে তা ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৩০০ ডলারের সীমায় চলে যেতে পারে। এ পর্যায়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী এবং সরাসরি স্বর্ণ কেনেন এমন ক্রেতারা নতুন করে আগ্রহ দেখাতে পারেন।

নাগা ডটকমের বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাম বলেন, আগের সহায়তা স্তর ভেঙে যাওয়ার পর স্বর্ণের দাম এখন প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলারের দিকে ঝুঁকে রয়েছে। তাঁর মতে, এ স্তরের নিচে দীর্ঘসময় অবস্থান করলে স্বর্ণের দাম আরও কমে ৩ হাজার ২০০ ডলারে নেমে আসতে পারে।

তথ্যসূত্র: দ্য ন্যাশনাল।

 

মন্তব্য করুন