প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণ ও আগুনে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকার আসলাম মিয়ার চারতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন শাহিন, তাঁর স্ত্রী লিমা পারভীন এবং তাঁদের এক আত্মীয়। তাঁদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের শরীর ও মুখমণ্ডলের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ ছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, গ্যাসের সংযোগে লিকেজ অথবা চুলার চাবি খোলা থাকায় গ্যাস বের হয়ে পুরো ঘরে জমে ছিল। সকালে রান্নার জন্য দিয়াশলাই বা অন্য কোনোভাবে আগুন জ্বালানোর পর জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
এক প্রতিবেশী জানান, ঘটনার পর ওই বাসায় গিয়ে তিনি গ্যাসের চুলার চাবি খোলা অবস্থায় পেয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল আল আরেফিন বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের রাইজারের সুইচ খোলা থাকলেও রাতে গ্যাস সরবরাহ ছিল না। পরে হঠাৎ গ্যাস সরবরাহ শুরু হলে বন্ধ দরজা-জানালার কারণে তা ফ্ল্যাটের ভেতরে জমে যায়। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন