তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৫:১৪ পিএম

অনলাইন সংস্করণ

কর ফাঁকি ও অপ্রদর্শিত সম্পদ ঠেকাতে জমির মূল্য নির্ধারণে নতুন নিয়ম

কর ফাঁকি ও অপ্রদর্শিত সম্পদ গড়ে তোলার সুযোগ কমানো এবং সরকারের রাজস্ব আয় বাড়াতে জমির পুরোনো মৌজা মূল্য প্রথা বাতিল করেছে সরকার। এর পরিবর্তে এখন থেকে জমি ও স্থাবর সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করা হবে। এ জন্য স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির নির্ধারিত মূল্যতালিকা টানা তিন বছর কার্যকর থাকবে।

গত বুধবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’-এ সংশোধনী এনেছে সরকার। সংশোধিত বিধিমালায় ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ফলে দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলোকে এখন থেকে সম্পত্তির ন্যূনতম মূল্য নয়, প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করতে হবে।

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, আগের পদ্ধতিতে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য প্রতিফলিত হতো না। মৌজা মূল্যের ভিত্তিতে সম্পত্তির দাম নির্ধারণ করা হলেও তা সাধারণত প্রকৃত বাজারদরের তুলনায় অনেক কম থাকত। ফলে দুই মূল্যের মধ্যে বড় ব্যবধান তৈরি হতো।

তাঁর ভাষ্য, এ ব্যবধানের কারণে কর ফাঁকি দেওয়া এবং অপ্রদর্শিত সম্পদ গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছিল। নতুন পদ্ধতির লক্ষ্য রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করা।

অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জমি ও স্ট্যাম্প শুল্ক থেকে সরকারের কোষাগারে ১১ হাজার ৭৫৩ কোটি টাকা রাজস্ব জমা হয়েছে।

নতুন মূল্য নির্ধারণের কাজ পরিচালনায় তিন স্তরে কমিটি গঠন করা হবে। সিটি করপোরেশনভুক্ত এলাকার জমির মূল্য নির্ধারণ করবে বিভাগীয় কমিটি। এর সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার।

পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমির দাম নির্ধারণ করবে জেলা কমিটি। সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) এ কমিটির নেতৃত্ব দেবেন। অন্যদিকে, এসব এলাকার বাইরে অন্যান্য স্থানের জমির মূল্য নির্ধারণ করবে উপজেলা কমিটি। এর সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

প্রতিটি কমিটিতে প্রশাসন, গণপূর্ত, স্থানীয় সরকার, ভূমি, কর এবং সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন। জমির ধরন, ব্যবহার, অবস্থান, সড়ক যোগাযোগব্যবস্থা এবং আশপাশের অবকাঠামোগত সুবিধা বিবেচনায় নিয়ে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হবে।

এমদাদুল হক চৌধুরী জানান, প্রযুক্তিনির্ভর পূর্ণাঙ্গ মূল্যায়ন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত কমিটির মাধ্যমে মূল্য নির্ধারণের পদ্ধতিটি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে কাজ করবে। তিনি বলেন, ‘আমরা এখন বাজারভিত্তিক মূল্য নির্ধারণের দিকে এগোচ্ছি।’

জমির পরিমাপ ও মালিকানা-সংক্রান্ত তথ্য, জমির দাম এবং এলাকার উন্নয়নের মাত্রাসহ বিভিন্ন সূচক ব্যবহার করে স্বয়ংক্রিয় অনলাইন মূল্যায়ন ব্যবস্থা গড়ে তুলতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করছে সরকার।

এমদাদুল হক চৌধুরী বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে সূত্রভিত্তিক একটি অনলাইন ব্যবস্থা তৈরি করা হবে। নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ করা হবে এবং নিয়মিত তথ্য হালনাগাদ করা হবে। ব্যবস্থাটি তৈরি করতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী ব্যবস্থার মাধ্যমে সমস্যার পূর্ণাঙ্গ সমাধান হবে না। শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিনির্ভর নতুন মূল্যায়ন ব্যবস্থাটিই বর্তমান পদ্ধতির জায়গা নেবে।

 

মন্তব্য করুন