প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ
দেশের কয়েকজন অভিনেত্রীর অভিনয়দক্ষতা, ব্যক্তিত্ব ও ফ্যাশন সচেতনতার প্রশংসা করেছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। একই সঙ্গে ভালো অভিনয় করা অনেক অভিনেত্রীকে যথাযথভাবে আলোচনায় না আনা এবং তাদের কাজের পরিবর্তে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে বেশি মাতামাতি করায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা জানান শবনম ফারিয়া। সেখানে তিনি এমন কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করেন, যারা অভিনয়ের মাধ্যমেই নিজেদের পরিচিতি তৈরি করেছেন বলে মনে করেন তিনি।
তালিকার শুরুতেই অভিনেত্রী জয়া আহসানের নাম উল্লেখ করেন ফারিয়া। জয়ার সৌন্দর্য, অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি জানান, অভিনয়ের বাইরেও পোষ্য, গাছপালা ও বাগানবাড়ি নিয়ে সময় কাটান এই অভিনেত্রী। পাশাপাশি তার ব্যাগ ও ঘড়ির সংগ্রহেরও প্রশংসা করেন ফারিয়া।
এরপর অভিনেত্রী সানজিদা প্রীতির অভিনয়ের প্রশংসা করেন তিনি। ফারিয়া জানান, অভিনয়ে আসার আগে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত দুটি সিরিজ দেখেছিলেন। এর একটি ‘৬৯’ এবং অন্যটি ‘স্পর্শের বাইরে’। দ্বিতীয় সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি।
সানজিদার অভিনয়দক্ষতার কথা তুলে ধরে ফারিয়া লেখেন, ক্যারিয়ারের শুরুতে ‘কলিংবেল’ নামের একটি সিরিজে দীর্ঘদিন তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। অভিনেত্রী হিসেবে সানজিদাকে স্বল্পভাষী ও সংযত বলেও উল্লেখ করেন তিনি।
নিজের প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে মৌসুমী হামিদকে বিশেষভাবে পছন্দ করেন শবনম ফারিয়া। তার মতে, মৌসুমী অসম্ভব পরিশ্রমী এবং অভিনয়দক্ষতা তার সহজাত। অভিনেত্রীর চঞ্চল ও হাসিখুশি স্বভাবের কথাও উল্লেখ করেন তিনি। মৌসুমীর অভিনয় দেখে নিজেরও তার মতো অভিনয় করতে ইচ্ছা হয় বলে জানান ফারিয়া।
অভিনেত্রী নাজিয়া হক অর্শার অভিনয় নিয়েও মুগ্ধতা প্রকাশ করেন তিনি। ফারিয়ার মতে, অভিনয় শুধু সংলাপের ওপর নির্ভর করে না; চোখের অভিব্যক্তিও এখানে গুরুত্বপূর্ণ। সুবর্ণা আপার পর অর্শার মধ্যেই তিনি এই বিশেষ গুণ দেখেছেন।
অর্শার সঙ্গে একটি নাটকের অভিজ্ঞতাও তুলে ধরেন ফারিয়া। কয়েক বছর আগে শিহাব ভাই তাকে একটি নাটকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে শিডিউলসংক্রান্ত জটিলতায় কাজটি করতে পারেননি তিনি। পরে নাটকটিতে অর্শা অভিনয় করেন। নাটকটি দেখে ফারিয়ার মনে হয়েছিল, তিনি কাজটি করতে না পারায় ভালোই হয়েছে। কারণ, অর্শার মতো অভিনয় করে চরিত্রটির প্রতি সুবিচার করা তার পক্ষে সম্ভব হতো না।
এ ছাড়া অভিনেত্রী বিন্দুর অভিনয়, সৌন্দর্য, শারীরিক গঠন, কথা বলার ধরন ও ফ্যাশন সচেতনতার প্রশংসা করেন শবনম ফারিয়া। কোথায় কতটুকু কথা বলতে হবে এবং কী ধরনের পোশাক পরতে হবে, সে বিষয়ে বিন্দুর ভালো ধারণা রয়েছে বলেও মনে করেন তিনি।
ছোটবেলা থেকেই অভিনেত্রী ইশিতার ভক্ত ফারিয়া। ইশিতার কাজ ও ব্যক্তিত্বের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি লেখেন, ‘উনি যা-ই করেন, ভালো লাগে। ওনার সবই আমার ভালো লাগে।’
এ ছাড়া বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন জাহান, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির অভিনয়েরও প্রশংসা করেন তিনি।
শবনম ফারিয়ার মতে, দেশের বিনোদন অঙ্গনে ভালো অভিনয় করেন, মার্জিত ব্যক্তিত্বের অধিকারী এবং সুন্দরভাবে কথা বলেন—এমন অনেক অভিনেত্রী রয়েছেন। অথচ তাদের অভিনয় ও কাজের পরিবর্তে পোশাকের দাম কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা হয়।
পোস্টের শেষাংশে আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, ‘শুধু জামার দাম লাখ টাকা, দুবাইয়ের অমুক-তমুক করেন—এগুলো ছাড়া আমাদের দেশে সত্যিকারে ভালো অভিনয় করেন, সফিস্টিকেটেড, সুন্দর করে কথা বলেন, এমন অনেক অভিনেত্রী আছেন। কিন্তু আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে। সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার। বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না।’
মন্তব্য করুন