তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৪:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা

আগামী ৪ ডিসেম্বর নির্ধারিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা আরও কিছুদিন পিছিয়ে নেওয়া হবে। তবে নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, “পূর্বনির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে এখনও নতুন তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি।”

অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ভর করছে।

এ বিষয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, “সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবে কিনা, এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।”

তিনি আরও জানান, এখনো ভর্তি নীতিমালা চূড়ান্ত হয়নি। নীতিমালা চূড়ান্ত হওয়ার পর সে অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার। এ বছর পরীক্ষায় প্রায় ৬ লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।

এ পরিস্থিতিতে প্রথমবারের মতো ৪ লাখের বেশি শিক্ষার্থীকে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ পরীক্ষা নেওয়া এবং একই মাসের শেষে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষেই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন।

 

মন্তব্য করুন