প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৯:৪৪ এ এম
অনলাইন সংস্করণ
রাজধানীর শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।
বুধবার সকালে নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে চার যাত্রী নিহত হন। আহত হন আরও দুজন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় ও ঠিকানা এখনো জানা যায়নি।
মন্তব্য করুন