প্রকাশিত: ৪ নভেম্বার, ২০২৬, ১১:৩৭ এ এম
অনলাইন সংস্করণ
বলিউড অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বে ইতি টেনেছেন ইনফ্লুয়েন্সার ওরহান আওয়াতরামানি, যিনি ওরি নামেই পরিচিত। নিজের কঠিন সময়ে সারার কাছ থেকে সামান্য সহানুভূতিও না পাওয়ার অভিযোগ তুলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। একই কারণে সারার মা অমৃতা সিংহের সঙ্গেও বন্ধুত্ব শেষ করেছেন বলে জানান ওরি।
সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর অনুষ্ঠান ‘ডাবল ডেট’-এ অতিথি হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সামাজিক মাধ্যমে কাছের কোনো মানুষকে আনফলো করার বিষয়ে প্রশ্ন করা হলে এক মুহূর্তও না ভেবে সারা ও তার মায়ের নাম উল্লেখ করেন ওরি।
ওরি বলেন, ‘আমি এ বিষয়ে খুব খোলাখুলিই বলি। সারার মা আমাকে খুব বকেছিলেন। তাই তাকেও অনুসরণ করা বন্ধ করে দিয়েছি।’
ছোটবেলা থেকেই সারা ও ওরির বন্ধুত্ব। কলেজজীবনেও তাদের যোগাযোগ ছিল। প্রায় এক দশকের এই বন্ধুত্বে সারার জীবনের কঠিন সময়ে সব সময় পাশে ছিলেন বলে দাবি করেন ওরি।
২০২০ সালের সেপ্টেম্বর মাসে মাদকসংক্রান্ত তদন্তে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তলব করেছিল সারা আলী খানকে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর শুরু হওয়া ওই তদন্তের সময় সারা গোয়ায় ছুটি কাটাচ্ছিলেন। সেই সময়ও তার পাশে ছিলেন বলে জানান ওরি।
তিনি বলেন, ‘আমরা তখন গোয়ায় ছিলাম। ও যখন এত বড় মামলায় জড়িয়ে পড়েছিল, আমি ওর সঙ্গে ছিলাম। কখনো ওর সঙ্গ ছাড়িনি।’
তবে নিজের জীবনের কঠিন সময়ে সারাকে পাশে পাননি বলে অভিযোগ করেন ওরি। তার দাবি, ওই সময় একবারও ফোন করে তার খোঁজ নেননি অভিনেত্রী। অথচ জীবনের একটি কঠিন সময়ে সারার কাছ থেকে তার পাশে থাকার প্রত্যাশা ছিল।
ওরির ভাষায়, ‘এত খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, অথচ একবারও ফোন করল না। একবারও জানতে চাইল না, আমি কেমন আছি।’
এ ঘটনায় গভীরভাবে আঘাত পাওয়ার কথাও জানান তিনি। ওরি বলেন, সারা যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন অনেকে তাকে সারার সঙ্গ ছাড়তে বলেছিলেন। কিন্তু তিনি সারা ও তার মায়ের পাশে ছিলেন। নিজের প্রয়োজনের সময় সেই সমর্থন না পাওয়ায় হতাশ হয়েছেন তিনি।
ওরি আরও জানান, চলতি বছরের গোড়ায় সারা আলী খানের সঙ্গে তার কথা হয়েছিল। তখন অভিনেত্রীকে স্পষ্ট জানিয়ে দেন, পুরনো সম্পর্ক আর জোড়া লাগানো সম্ভব নয়। তবে এতকিছুর পরও সারা তার কাছে ক্ষমা চাননি বলেও দাবি করেন তিনি।
মন্তব্য করুন