বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৭:২০ পিএম

অনলাইন সংস্করণ

অভিষেকেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় ইশার, কারণ জানালেন অভিনেত্রী

টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেত্রী ইশা মালভিয়ার এবার বড়পর্দায় অভিষেক হচ্ছে। শুক্রবার (২৩ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘তুম মেরে হো’। এতে অভিনেতা গুরমিত চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

অভিষেক সিনেমাতেই একাধিক চুমুর দৃশ্যে অভিনয় করতে হয়েছে ইশাকে। তবে এসব দৃশ্যের শুটিংয়ে কোনো অসুবিধা হয়নি বলে জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি।

ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে পেশাদারিত্ব ও স্বাচ্ছন্দ্যের গুরুত্ব নিয়েও কথা বলেছেন গুরমিত চৌধুরী। সিনেমাটির প্রচারণার মধ্যে দুই অভিনয়শিল্পীর পর্দার রসায়ন নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

ইশা বলেন, গুরমিতের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। এর পেছনে সহশিল্পী হিসেবে গুরমিতের আচরণের পাশাপাশি নিজের আত্মবিশ্বাসকেও গুরুত্ব দিয়েছেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘গুরমিতের সঙ্গে এ ধরনের দৃশ্যের শুটিং করতে অসুবিধা হয়নি। কারণ তিনি একজন চমৎকার মানুষ এবং একজন ভালো অভিনেতা। এর বাইরে আমি আজ যে জায়গায় এসেছি, তার পেছনে আমার আত্মবিশ্বাসেরও ভূমিকা রয়েছে। যে কোনো পরিস্থিতি সামলানোর মতো আত্মবিশ্বাস আমার আছে।’

‘তুম মেরে হো’ সিনেমাটি পরিচালনা করেছেন আশিস পান্ডা। এর চিত্রনাট্য লিখেছেন নিরঞ্জন আইয়েঙ্গার ও পূর্বা নরেশ। প্রেম, আবেগের টানাপোড়েন এবং সম্পর্কের নানা জটিলতা নিয়ে সিনেমাটির গল্প।

এর আগে সেপ্টেম্বরে প্রকাশিত সিনেমাটির টিজারে ইশা ও গুরমিতের রোমান্টিক মুহূর্তের ঝলক দেখা গিয়েছিল। এবার বড়পর্দায় ইশার অভিষেক দর্শকদের কাছে কেমন সাড়া পায়, সেটিই দেখার বিষয়।

 

মন্তব্য করুন