বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:১৯ এ এম

অনলাইন সংস্করণ

ডিসেম্বরে বিয়ের গুঞ্জন, আলোচনায় মিমি চক্রবর্তী

চলতি বছরের ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী—টালিপাড়ায় গত কয়েক দিন ধরে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। গুঞ্জন সত্যি হলে, অবিবাহিত হিসেবে এটাই নাকি তাঁর জীবনের শেষ দুর্গাপূজা। তবে এ বিষয়ে মিমি বা তাঁর দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

প্রতিবারের মতো এবারও দুর্গাপূজার নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন মিমি। উৎসবের আনন্দে মেতে ওঠা অভিনেত্রীর এবারের উদ্‌যাপন নিয়ে ভক্তদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।

পূজার আনন্দের পাশাপাশি মিমির অভিনীত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিটিও সম্প্রতি মুক্তি পেয়েছে। ছবির কাজের ব্যস্ততার মধ্যেও পূজার আনন্দে সময় কাটিয়েছেন তিনি।

নবমীর রাতে পূজামণ্ডপে ধুনুচি নাচে অংশ নেন মিমি। গাঢ় গোলাপি বেনারসি ও নীল ব্লাউজে সাবেকি সাজে তাঁকে দেখা যায়। ঢাকের তালে তালে তাঁর ধুনুচি নাচও নজর কেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের সঙ্গে নাচের একটি ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেই আনন্দঘন মুহূর্তে তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা সোহম মজুমদার ও অনিন্দ্য চট্টার্জী। বন্ধুদের সঙ্গে আড্ডা আর নাচে জমজমাটভাবেই পূজা কাটিয়েছেন তিনি।

এদিকে, টালিপাড়ার গুঞ্জন অনুযায়ী, আগামী ডিসেম্বরে মিমির বিয়ের আসর বসতে পারে পাহাড়ঘেরা কালিম্পঙে। ঘনিষ্ঠ মহলে নিমন্ত্রণের প্রস্তুতিও শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে বিয়ের তারিখ, স্থান কিংবা আয়োজন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

 

মন্তব্য করুন