চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৭:০১ পিএম

অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

সোমবার রাতে তিনি জেলা শহরের সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি মন্দির, প্রতাপচন্দ্র দাস দুর্গামন্দির, চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির, চরজোতপ্রতাপ শিবতলা শিবমন্দির এবং বারঘরিয়ার বাইশপুতুল সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন।

এ সময় মন্দির কমিটির সদস্যরা ফুল দিয়ে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান। দুর্গামাতা ঠাকুরানী মন্দির ও বারঘরিয়ার বাইশপুতুল সার্বজনীন দুর্গামন্দির কমিটির পক্ষ থেকে তাঁকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং শুভেচ্ছা স্মারক প্রদান করে সম্মাননা জানানো হয়। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাকেও ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়।

শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্প্রীতির দেশ বাংলাদেশে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করছেন। প্রতিটি পূজামণ্ডপে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সার্বক্ষণিক নজরদারি করছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি এবং বিভিন্ন মন্দির কমিটির নেতারা।

মন্তব্য করুন