প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ
মৌলভীবাজারের বড়লেখায় সুমি জাহান (৩৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চন্ডিনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় এক চাঞ্চল্যের পরিবেশের সৃষ্টি হয়েছে।
নিহত সুমি জাহান ওই গ্রামের দুবাই প্রবাসী আহাদুজ্জামানের (৪০) প্রথম স্ত্রী। তাঁর ১৭ বছর বয়সী এক মেয়ে ও ১১ বছর বয়সী একটি ছেলে ও রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সোমবার বিকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর সুমি জাহানের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং তাৎক্ষণিকভাবে বড়লেখা থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাঁর মৃত্যুর পেছনে পারিবারিক কলহ নাকি অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ ও রহস্য নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন