মোঃ ইমাম হোসাইন

প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ০২:০৬ পিএম

অনলাইন সংস্করণ

এবার ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জাতীয় অর্থনীতির ভঙ্গুরতার বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিক্ষোভ সামলাতে ৯ হাজারেরও বেশি, প্রায় সাড়ে ৯ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ অক্টোবর) জাকার্তা শহর পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর একাধিক স্থানে বিক্ষোভ করবেন। কতজন শিক্ষার্থী এতে অংশ নেবেন, তা স্পষ্ট নয়। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাম্প্রতিক দাবানল, শেয়ারবাজারের পতন এবং রুপিয়ার অবমূল্যায়নসহ জাতীয় অর্থনীতির ভঙ্গুরতার বিরুদ্ধে এ আন্দোলনের ডাক দিয়েছে।

এ ছাড়া পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস রাজধানীর একটি স্মৃতিসৌধে ব্যানার টাঙিয়েছে। তাতে জলবায়ু সংকট মোকাবিলা ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানানো হয়েছে।

দেশটির সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো ২০২৪ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হলেও তাঁর জনতুষ্টিবাদী বিভিন্ন কর্মসূচির কারণে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। ফলে জনগণ ও বিনিয়োগকারীদের আস্থা হারাচ্ছেন তিনি।

সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) জরিপ অনুযায়ী, গত বছরের নভেম্বরে তাঁর জনপ্রিয়তার হার ছিল ৮১.২ শতাংশ। চলতি মাসে তা ইতিহাসে সর্বনিম্ন ৪৪.৫ শতাংশে নেমে এসেছে।

এর আগে ২০২৫ সালে একজন মোটরবাইকচালক পুলিশের হামলায় নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। পরে গত আগস্টেও ব্যাপক বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন