আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১০:০৮ এ এম

অনলাইন সংস্করণ

তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: অন্তত ২০ শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহিত

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন শ্রমিক নিহত হয়েছেন। রোববার দুপুরে জেলার কাট্টানারপত্তি গ্রামের ওই কারখানায় রাসায়নিক দ্রব্য মিশ্রণের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে কারখানার একটি বড় অংশ ধসে পড়ার পাশাপাশি বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় কারখানাটিতে প্রায় ৩০ জন শ্রমিক নিয়মিত উৎপাদন কাজে নিয়োজিত ছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাজি তৈরির রাসায়নিক পদার্থ মেশানোর সময় ঘর্ষণের ফলে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা শক্তিশালী বিস্ফোরণে রূপ নেয়। এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার অন্তত চারটি কক্ষ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং এর বিকট শব্দ প্রায় ১০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে।

ঘটনার পরপরই শিবকাশী, সাত্তুর ও বিরুধুনগর থেকে দমকল ও উদ্ধারকারী বাহিনীর একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ধ্বংসস্তূপ থেকে একে একে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। কারখানাটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল কি না এবং সরকারি বিধিমালা মেনে রাসায়নিক ব্যবহার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি মামলা দায়ের করে বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

মন্তব্য করুন