প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা ‘পিরিয়ড নারীদের জন্য কোনো অজুহাত হতে পারে না’ বলে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীলীলাকে জিজ্ঞাসা করা হয়, জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল এবং একজন নারী হিসেবে তিনি কীভাবে তা সামলেছেন। উত্তরে তিনি বলেন, “পিরিয়ড নারীদের জন্য কোনো অজুহাত হতে পারে না।”
তিনি আরও বলেন, ‘উস্তাদ ভগৎ সিং’ ছবির শুটিংয়ের সময় তিনি নিজে পিরিয়ড চলাকালেও কাজ করেছেন। তাঁর কথায়, “সব গান বা বেশির ভাগ গানই দর্শকদের ভালো লেগেছে। আমি আমার পিরিয়ডের সময়ও শুটিং করেছি, তাই পিরিয়ড কোনো অজুহাত হতে পারে না। যখন আমরা সমান অধিকার চাই, তখন আমাদের শারীরিক বাধাও অতিক্রম করতে হবে।”
মন্তব্যটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকে প্রশ্ন তোলেন, একজন নারী ও চিকিৎসক হয়েও তিনি কীভাবে এমন মন্তব্য করতে পারেন। নেটিজেনদের একাংশের বক্তব্য, প্রত্যেক নারীর শরীর আলাদা এবং পিরিয়ডের অভিজ্ঞতাও ভিন্ন। কেউ কেউ কটাক্ষ করে বলেন, তাহলে কি তিনি হাঁপানির রোগীকেও বলবেন—জোরে শ্বাস নাও, বাতাস তো আছেই!
শ্রীলীলা সম্প্রতি এমবিবিএস পাস করে চিকিৎসক হিসেবে নতুন পরিচয় পেয়েছেন। ‘পুষ্পা ২’ সিনেমার আইটেম গানে পারফর্ম করে তাঁর জনপ্রিয়তা বেড়েছে। তিনি শিগগিরই বলিউডে পা রাখতে যাচ্ছেন। পরিচালক অনুরাগ বসুর একটি মিউজিক্যাল ড্রামায় তাঁর বিপরীতে অভিনয় করবেন কার্তিক আরিয়ান।
বিতর্কের মধ্যেও শ্রীলীলা এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।
মন্তব্য করুন