প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত ২০২৬ ফুটবল বিশ্বকাপে দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮টিতে এবং ম্যাচের সংখ্যা ১০৪টিতে। ফিফা এই বৃহত্তম আসর পরিচালনার জন্য রেকর্ড সংখ্যক ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় গত আসরের চেয়ে ৪১ জন বেশি অফিসিয়াল দায়িত্ব পালন করবেন।
ফিফার ৫০টি সদস্য দেশ থেকে মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও সহকারী রেফারি নিয়োগ করা হয়েছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপের মতো এবারও ছয়জন নারী অফিসিয়াল থাকছেন। ৩২ দলের ২০২২ আসরে ৬৪টি ম্যাচ হয়েছিল। এবার ১৬টি দল ও ৪০টি ম্যাচ বৃদ্ধির ফলে অফিসিয়ালদের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
বিশ্বকাপ নিয়ে উন্মাদনা তুঙ্গে থাকায় টিকিটের দামও পাল্লা দিয়ে বাড়ছে। ফিফা নতুন করে আরও দামি টিকিট বাজারে এনেছে। সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম এখন চার হাজার একশ পাঁচ ডলার, যা আগে ছিল দুই হাজার সাতশ পঁয়ত্রিশ ডলার। ফাইনালের সর্বোচ্চ দামের টিকিটও বেড়ে দাঁড়িয়েছে দশ হাজার নয়শ নব্বই ডলারে, আগের সর্বোচ্চ ছিল আট হাজার ছয়শ আশি ডলার। ফাইনালের অন্যান্য ক্যাটাগরির টিকিটের দামও বৃদ্ধি করা হয়েছে।
এবারই প্রথম ৪৮টি দেশ অংশ নেবে এই বিশ্বকাপে। দলগুলোকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতি গ্রুপে চারটি করে দল। এই বিস্তৃত আয়োজন ফুটবলকে আরও বেশি দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফিফার একটি বড় পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন