প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল টেস্ট চ্যাম্পিয়নশিপকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে নয় দলের এই প্রতিযোগিতাকে ১২ দলে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে, যাতে আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডসহ সব পূর্ণ সদস্য দেশ অংশ নিতে পারে। আসন্ন ২০২৭-২৯ চক্র থেকে এই পরিবর্তন কার্যকর হতে পারে বলে জানা গেছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য টেস্ট ক্রিকেটকে বিশ্বজুড়ে আরও ছড়িয়ে দেওয়া। বর্তমানে মাত্র নয়টি দল এই চ্যাম্পিয়নশিপে অংশ নেয়, ফলে আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড নিয়মিত টেস্ট ম্যাচ খেলার সুযোগ পায় না। নতুন প্রস্তাব অনুমোদিত হলে সব পূর্ণ সদস্য দেশই সমান সুযোগ পাবে। আইসিসির ওয়ার্কিং গ্রুপ ইতিমধ্যে এই তিন দলকে পরবর্তী চক্রে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে।
এর আগে র্যাংকিংয়ের ভিত্তিতে দুই স্তরের টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর প্রস্তাব উঠেছিল, কিন্তু একাধিক পূর্ণ সদস্য দেশের বিরোধিতায় তা বাতিল হয়। এবার সব দলকে সমান মর্যাদা দিয়ে একক চ্যাম্পিয়নশিপ আয়োজনের পথে হাঁটছে সংস্থাটি। এ মাসের শেষভাগে অথবা আগামী মাসের শুরুতে আইসিসির ত্রৈমাসিক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সভায় নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান রজার টুজের নেতৃত্বাধীন কমিটি নতুন মডেল উপস্থাপন করবে।
পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০২৭ সালের জুন মাস থেকে নতুন মডেল চালু হবে। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, আর্থিক সুবিধার কথা বিবেচনা করে এক ম্যাচের টেস্ট সিরিজও অনুমোদন করা হতে পারে। এতে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলো আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে আর আপত্তি করবে না। পয়েন্ট গণনা অবশ্য তিন বা পাঁচ ম্যাচের সিরিজের মতোই হবে।
এই পদক্ষেপ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে আইসিসির একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন