প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ১১:০০ এ এম
অনলাইন সংস্করণ
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের নতুন সিনেমা ‘রাকা’ নিয়ে দর্শকদের উন্মাদনা যেন থামছেই না। বিশেষ করে জন্মদিনে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর সেই কৌতূহল আরও বেড়েছে। এবার জানা গেল এই বিশাল বাজেটের সিনেমায় অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের অঙ্ক।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুসারে, ৭০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় আল্লু অর্জুন তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করবেন। একটি পুলিশ কর্মকর্তা, দ্বিতীয়টি সেই পুলিশের ভাই (যিনি অর্ধেক মানুষ ও অর্ধেক দৈত্য) এবং তৃতীয়টি দুই ভাইয়ের বাবার চরিত্র। এই তিনটি বৈচিত্র্যময় চরিত্রের জন্য আল্লু অর্জুন পাচ্ছেন ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক।
অন্যদিকে, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন পাচ্ছেন ২৫ কোটি রুপি এবং দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা পাচ্ছেন ৫ কোটি রুপি। অর্থাৎ দীপিকার পারিশ্রমিকের সাত গুণ বেশি অর্থ নিচ্ছেন আল্লু অর্জুন।
সিনেমাটির প্রথম ঝলকে আল্লু অর্জুনের রহস্যময় লুক ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চোখে গাঢ় কাজল ও হাতে পশুর মতো বড় নখসহ তাঁর নতুন রূপ ভক্তদের চমকে দিয়েছে।
পরিচালক অ্যাটলির নির্মাণাধীন ‘রাকা’র শুটিং বর্তমানে মুম্বাইয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি।
মন্তব্য করুন