প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদের নবম কার্যদিবসে দেশের শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদে দেওয়া তথ্যে তিনি জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শীর্ষ ২০ প্রতিষ্ঠানের কাছে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।
সোমবার (৬ এপ্রিল) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত-এর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে উপস্থাপিত তালিকায় বিভিন্ন খাতের বড় বড় প্রতিষ্ঠান স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে এস আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, গ্লোবাল ট্রেডিং করপোরেশন, কেয়া কসমেটিকস, দেশবন্ধু সুগার মিলস, পাওয়ার প্যাক মুতিয়ারা গ্রুপের বিদ্যুৎকেন্দ্র, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড এবং বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
অর্থমন্ত্রী আরও জানান, বর্তমান সংসদ সদস্য এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। তবে আদালতের নির্দেশনার কারণে এর মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি হিসেবে গণনা করা হয়নি।
মন্তব্য করুন