তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬, ০২:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে আগ্রহী ইতালি: ট্রাম্প

ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে দাঁড়াতে ইতালি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতালির একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বের প্রশংসা করেন। তাকে একজন শক্তিশালী ও মহান নেতা হিসেবে উল্লেখ করে বলেন, ইতালি বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে আগ্রহী।

এর আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা জোরদারে সহায়তা দিতে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে ইতালি।

এদিকে ইতালির নৌবাহিনী জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় যুদ্ধজাহাজ সাইপ্রাসের উদ্দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইরানকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশ নিজেদের অবস্থান শক্ত করতে এবং সম্ভাব্য সামরিক ও নিরাপত্তা সহায়তার প্রস্তুতি নিতে শুরু করেছে।

মন্তব্য করুন