প্রকাশিত: ৮ অক্টোবার, ২০২৬, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে জড়িয়ে পড়া এবং ইউক্রেন যুদ্ধের সমাধান করতে না পারার মধ্যেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল কমিটির ২০২৬ সালের শান্তি পুরস্কার ঘোষণা করার কথা রয়েছে। এর আগে বুধবার নিজের এই আকাঙ্ক্ষার কথা নতুন করে জানান তিনি।
ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা কী সিদ্ধান্ত নেবে আমি জানি না। তবে আমার মতো মানুষদের এই পুরস্কার না দেওয়ার একটি বদনাম তাদের রয়েছে।’
নোবেল পুরস্কার পাওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই নিজের দাবি জানিয়ে আসছেন ট্রাম্প। বুধবার তিনি বলেন, ‘এখনই সময় এটি পাওয়ার।’ একই সঙ্গে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোর দেওয়া সম্মানের কথাও উল্লেখ করেন তিনি।
মাচাদো গত জানুয়ারিতে নিজের পাওয়া ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের পদকটি ট্রাম্পের হাতে তুলে দিয়েছিলেন। ভেনেজুয়েলার রাজনীতিতে মার্কিন সমর্থন পাওয়ার প্রচেষ্টার প্রেক্ষাপটে তিনি এই পদক ট্রাম্পকে দেন।
ট্রাম্প দাবি করেছেন, গত এক বছরে তিনি আটটি সংঘাতের অবসানে ভূমিকা রেখেছেন এবং জিম্মিদের মুক্ত করতেও সহায়তা করেছেন। বুধবার তিনি বলেন, এসব কাজের কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি।
তবে তার কূটনৈতিক ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মতভেদ রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যে কয়েকটি সংঘাতের সমাধানে ভূমিকা রাখার দাবি করেছেন, সেগুলোর কিছু এলাকায় আবারও সহিংসতা দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধও এখনো তার ঘোষিত সমাধানের বাইরে রয়েছে।
চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭টি মনোনয়ন জমা পড়েছে—এর মধ্যে ২০৮ জন ব্যক্তি ও ৭৯টি সংগঠন রয়েছে। তবে নরওয়েজিয়ান নোবেল কমিটি ৫০ বছর না পেরোনো পর্যন্ত কোনো মনোনীত ব্যক্তির নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করে না।
নরওয়ের রাজধানী অসলোর নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে।
মন্তব্য করুন