প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৩২ এ এম
অনলাইন সংস্করণ
লেবাননের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় ব্যাপক সামরিক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। টায়ার শহরের দক্ষিণে অবস্থিত আল-কানতারা ও আল-মানসুরি এলাকাতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এনএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, আল-মানসুরিতে শক্তিশালী বিস্ফোরণের তীব্রতা আশপাশের গ্রামগুলোতেও অনুভূত হয়। একই সময়ে হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারি মেশিনগান দিয়ে গুলিবর্ষণ এবং শহরটিতে তীব্র আর্টিলারি বা কামানের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
এ ছাড়া বানি হাইয়ান ও কাফার তেবনিত এলাকার কাছাকাছি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানানো হয়েছে।
বিন্ত জুবাইল জেলার বেইত লিফের কাছে ওয়াদি মাজলাম এবং নাবতিয়ে এলাকার জাওতার আল-শারকিয়াহ অঞ্চলেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এসব হামলার পর লেবাননের দক্ষিণ সীমান্তবর্তী এলাকাগুলোতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত কয়েক মাস ধরে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর স্থল ও বিমান হামলার খবর পাওয়া যাচ্ছে। এ সময় লেবাননের বিভিন্ন গ্রামে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং বাড়িঘর থেকে বিতাড়িত করার অভিযোগও উঠেছে। এসব পরিস্থিতিতে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং ইয়েমেনের চলমান অস্থিরতার মধ্যে লেবাননের দক্ষিণ সীমান্তে নতুন করে হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে।
মন্তব্য করুন