প্রকাশিত: ৮ জুন, ২০২৬, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ
হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে টিকা আমদানি না করার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার (৮ জুন) ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এই আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল। শুনানি শেষে মামলাটি গ্রহণ করার কোনো উপাদান না থাকায় আদালত আবেদন খারিজের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আরও যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তারা হলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
আবেদনে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলা টিকা আমদানি বন্ধ করে উন্মুক্ত দরপত্রের পথে গেলে দীর্ঘসূত্রিতায় টিকা সংকট তৈরি হয়। ইউনিসেফও একাধিকবার সতর্ক করলেও সংশ্লিষ্টরা আমলে নেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়। এর ফলে গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ৭৫ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং প্রায় ৬১০ শিশুর মৃত্যু হয় বলে আবেদনে দাবি করা হয়।
মন্তব্য করুন