প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ
কয়েকদিন পরই বিয়ের অনুষ্ঠান, ঘরে চলছিল আনন্দের প্রস্তুতি। বিয়ের কেনাকাটা করতে একসঙ্গে বের হয়েছিলেন চার ভাই। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা। বুধবার (১৩ মে) ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজারপাড়া এলাকার একই পরিবারের চার সহোদর রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। দীর্ঘদিন ধরে জীবিকার সন্ধানে ওমানে অবস্থান করছিলেন তারা।
পরিবার সূত্রে জানা গেছে, এক ভাইয়ের বিয়ে ঠিক হওয়ায় শিগগিরই দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। বিয়ের কেনাকাটা করতে চার ভাই একসঙ্গে বের হয়েছিলেন। বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্লান্ত হয়ে এসি চালু রেখে গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েছিলেন তারা। এসির গ্যাস লিকেজ বা বিষক্রিয়াজনিত কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। তবে প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ওমান পুলিশ।
ওমানে থাকা নিহতদের মামাতো ভাই বাবুর মাধ্যমে প্রথমে এই হৃদয়বিদারক সংবাদ দেশে পৌঁছায়। লালানগর ইউনিয়নের মো. ইয়াকুব বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে চার ভাইয়ের লাশ রোস্তাক থানার হেফাজতে রয়েছে এবং মাস্কাটে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
যে বাড়িতে কয়েকদিন পরই বিয়ের সানাই বাজার কথা ছিল, সেই বাড়িতে এখন শুধুই কান্নার শব্দ। স্বজনরা অপেক্ষায় আছেন চার ভাইয়ের লাশ দেশে ফেরার।
মন্তব্য করুন