বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৪:০৫ পিএম

অনলাইন সংস্করণ

‘ডিলিটেড পার্ট তো ডিলিটেড’, ব্যক্তিগত জীবন নিয়ে মিমির স্পষ্ট জবাব

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, আগামী নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। তাঁর হবু বর পেশায় মেরিন ইঞ্জিনিয়ার এবং যুক্তরাজ্যভিত্তিক একটি সুপরিচিত জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। তবে এ বিষয়ে মিমির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

একসময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির সম্পর্ক ছিল টালিউডের আলোচিত বিষয়। তাঁদের বিচ্ছেদের পর রাজের জীবনে আসেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বর্তমানে তাঁদের দুই সন্তান রয়েছে।

অন্যদিকে, রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মিমির নাম জড়িয়েছিল তুরস্কের জনপ্রিয় লাইন প্রযোজক মিলি গুলহান কিজিলকায়ারের সঙ্গে। তবে সেই গুঞ্জন বেশিদূর এগোয়নি। এরপর থেকে মিমির ব্যক্তিগত জীবন নিয়ে তেমন আলোচনা শোনা যায়নি।

সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রসঙ্গ উঠলে তাঁকে ‘ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার’ বলে উল্লেখ করেন মিমি। তবে রাজকে একটি গান উৎসর্গ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কেন? আমি কোনোরকম বিতর্কে জড়াতে চাই না।’

আরেকটি চিরকুটে ‘মন ভাঙার পর’ লেখা থাকলে তার জবাবে মিমি বলেন, ‘আমার মনেই নেই। অনেক বছর আগে মন ভেঙেছিল, কেঁদেছিলাম হয়তো’। জীবনের ‘ডিলিটেড পার্ট’ নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রীর উত্তর, ‘ডিলিটেড পার্ট তো ডিলিটেড। সেটা মনে করে কী হবে।’

এদিকে, প্রায় ১২ বছর পর আবারও পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করছেন মিমি। তাঁদের নতুন ছবির নাম ‘তাণ্ডব’। থ্রিলার ঘরানার এই ছবির শুটিং শুরু হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে। এর আগে রাজের ‘কাটমুণ্ডু’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সে সময়ও তাঁদের সম্পর্ক ছিল। এ ছাড়া ‘বোঝেনা সে বোঝেনা’ ও ‘যোদ্ধা’ ছবিতেও একসঙ্গে অভিনয় করেছেন মিমি ও রাজ।

 

মন্তব্য করুন