বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৪:০৭ পিএম

অনলাইন সংস্করণ

হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দিঘী

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীকে ঘিরে সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও গুঞ্জনকে স্বাভাবিকভাবে দেখার কথা জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান তুলে ধরেন দিঘী। তাকে নিয়ে কী ধরনের আলোচনা হচ্ছে কিংবা সেসবের উৎস কোথায়, তা নিয়ে খুব একটা মাথা ঘামান না বলে জানান তিনি।

দিঘীর মতে, শোবিজে কাজ করলে ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা ছড়ানো স্বাভাবিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’

গুঞ্জন নিয়ে অযথা আলোচনা কিংবা ব্যাখ্যা দেওয়ার পক্ষেও নন এই অভিনেত্রী। বরং বিনোদন অঙ্গনের একজন শিল্পী হিসেবে এসব বিষয় স্বাভাবিকভাবে নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

দিঘীর ভাষ্য, একজন গণমাধ্যমকর্মী কিংবা শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে। তাই প্রতিটি আলোচনাকে গুরুত্ব দিয়ে প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।’

 

মন্তব্য করুন