তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০১:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

সৌদির আল-খারজে মিসাইল হামলা, বাংলাদেশিসহ নিহত ২

সংগ্রহীত ছবি

সৌদি আরবের মধ্যাঞ্চলের আল-খারজ এলাকায় একটি আবাসিক কম্পাউন্ডে মিসাইল হামলায় বাংলাদেশিসহ দুইজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৮ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। পরে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, হামলার পর ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অপরজন ভারতীয় নাগরিক।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সৌদি সিভিল ডিফেন্স জানায়, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজধানী রিয়াদ থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-খারজ শহরটি। এই হামলার জন্য এখন পর্যন্ত সরাসরি কাউকে দায়ী করা হয়নি।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে জানায়, তারা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে এবং বিশেষভাবে রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই বিবৃতি প্রকাশের কিছু সময়ের মধ্যেই আল-খারজে এই প্রাণহানির ঘটনা ঘটে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ঘটনাটিকে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর থেকে ইরান প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এর ধারাবাহিকতায় ইরান শুধু ইসরায়েলের লক্ষ্যবস্তু নয়, উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও টার্গেট করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন