তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৪:০৫ পিএম

অনলাইন সংস্করণ

সুদের হার কমানো ও জ্বালানি নিরাপত্তায় সরকারের বড় পরিকল্পনা

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং শিল্পখাতের প্রবৃদ্ধি ধরে রাখতে ঋণের সুদের হার কমানো ও জ্বালানি সংকট সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত 'বিটিকেজি এক্সপো ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, 'একটি নতুন ব্যবসার লাইসেন্স পেতে ২৫-২৬টি ছাড়পত্র নিতে অনেক সময় লাগে, যা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। আগামী দিনে আমরা এমন ব্যবস্থা করব যাতে আবেদনের সঙ্গে সঙ্গেই প্রফেশনাল লাইসেন্স বা ক্লিয়ারেন্স ইস্যু করা হয়। স্থায়ী ছাড়পত্রের কাজ চলতে থাকলেও ব্যবসায়ীরা যেন দ্রুত তাদের কার্যক্রম শুরু করতে পারেন।'

জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী জানান, চাহিদার তুলনায় গ্যাসের বড় ঘাটতি রয়েছে। এটি সামাল দিতে এলএনজি আমদানি বাড়ানো এবং নতুন টেন্ডারের মাধ্যমে সরবরাহ দ্রুত বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানির দিকে সরকারের পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি বলেন, 'সরকার ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের একটি স্কিম ঘোষণা করতে যাচ্ছে। এটি মূলত বেসরকারি খাতের মাধ্যমেই বাস্তবায়িত হবে, সরকার প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেবে।'

এ ছাড়া করদাতার সংখ্যা বাড়িয়ে সাধারণ মানুষের ওপর করের চাপ কমাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে বলে জানান মন্ত্রী। একই সঙ্গে ব্যবসায়ীদের বন্ড রিনিউয়ালসহ অন্যান্য প্রশাসনিক জটিলতা নিরসনেও এনবিআর শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে বলে তিনি আশ্বস্ত করেন।

মন্তব্য করুন