প্রকাশিত: ৭ অক্টোবার, ২০২৬, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ৩-০ গোলে জয় এনে দিয়ে বিদায় নিলেন আর্জেন্টাইন মহাতারকা।
বেনিনের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন নিকোলাস ওতামেন্দি। মেসির নেওয়া কর্নার থেকে হেডে বল জালে পাঠান এই ডিফেন্ডার।
এরপর মেসির সহজ পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। পরে পেনাল্টি থেকে নিজেই গোল করেন মেসি। বক্সের ভেতর অগাস্টিন গিয়াইকে ফাউল করা হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচেও গোলের খাতায় নাম লেখান মেসি।
ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। চোখের পানি ধরে রাখার চেষ্টা করতে দেখা যায় ৩৯ বছর বয়সী এই তারকাকে।
দেশের হয়ে এটি ছিল মেসির ২০৮তম ও শেষ ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ও বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তিকে স্মরণীয় করে রাখতে ম্যাচ শেষে তার জন্য বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে গোল ও দুটি অ্যাসিস্টের পারফরম্যান্স তাই যোগ করল আরও একটি স্মরণীয় অধ্যায়।
মন্তব্য করুন