প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ১১:২৭ এ এম
অনলাইন সংস্করণ
শীতের খাবার ও উৎসবের আমেজ—দুইয়ের টানেই সারা বছর এই ঋতুর অপেক্ষায় থাকেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শীতের খাবারের প্রতি নিজের দুর্বলতার কথা অকপটেই জানিয়েছেন তিনি। এই সময়টায় অভিনেত্রীর কাছে অন্যতম আকর্ষণ রাস্তার সিদ্ধ ডিম। এ ছাড়া পাটিসাপটা, ভাপা পিঠা, ভুট্টা, হালিম আর লুচিও রয়েছে তার পছন্দের তালিকায়।
তার মতে, শীতের সঙ্গে জড়িয়ে আছে এক অন্যরকম স্বাদ ও অনুভূতি। ফারিয়া বলেন, "শীত সবারই প্রিয় ঋতু। ঢাকা শহরে শীতের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। এই সময়ে রাস্তার সিদ্ধ ডিম, পাটিসাপটা, ভাপা পিঠা, ভুট্টা, হালিম ও লুচি খেতে বেশ ভালো লাগে। আমার মনে হয়, এসব খাবারের জন্যই আমি শীতের অপেক্ষায় থাকি।"
তবে এখনই পছন্দের এসব খাবারে পুরোপুরি ডুব দিতে পারছেন না তিনি। আপাতত কাজের ব্যস্ততা সামলানোই তার মূল লক্ষ্য। কাজগুলো গুছিয়ে নিতে পারলেই ডায়েটের কড়াকড়ি থেকে কিছুদিনের ছুটি নিতে চান ফারিয়া। এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, "এখন কাজটা একটু গুছিয়ে শেষ করতে পারলে ডায়েট থেকেও কিছুদিনের ছুটি নেব। তখন মনের আনন্দে এসব খাবার খাব। শীতের আরেকটি মজার দিক হলো, এ সময় অনেক কাচ্চি খাওয়া যায়। কারণ, শীতকালে সবাই বিয়ের আয়োজন করেন।"
শুধু খাবারই নয়, শীতের উৎসবমুখর পরিবেশও নুসরাত ফারিয়াকে সমানভাবে টানে। বিয়ের মৌসুমে চারপাশের আনন্দ-উৎসব তার কাছে শীতকে আরও বিশেষ করে তোলে। নিজের ভালো লাগার জায়গাটি তুলে ধরে ফারিয়া বলেন, "বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, নাচ-গান সব মিলিয়ে উৎসবের আমেজ থাকে। খাওয়া-দাওয়া ও আনন্দ-উৎসবের কারণে শীত আমার সবচেয়ে প্রিয় ঋতু। আমার মনে হয়, ঢাকা তথা বাংলাদেশের শীত সবচেয়ে সুন্দর।"
মন্তব্য করুন