প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ১১:৪৩ এ এম
অনলাইন সংস্করণ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ স্কুলজীবনে বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে দেখা করতে একাদশ শ্রেণির পরীক্ষা ফাঁকি দিয়ে শুটিং সেটে গিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয় তারকার সঙ্গে প্রথম সাক্ষাতের সেই স্মৃতি তুলে ধরেছেন অভিনেত্রী।
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল কীর্তির। তবে অভিনয়জগতে আসার আগে মেয়ের পড়াশোনা শেষ করার পক্ষপাতী ছিলেন তার বাবা ও মালয়ালম চলচ্চিত্রের প্রযোজক জি সুরেশ কুমার। তিনি চেয়েছিলেন, অভিনয়ে আসার আগে মেয়ে স্নাতক ডিগ্রি অর্জন করুক।
সম্প্রতি নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘আক্কা’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন কীর্তি সুরেশ। সিরিজটির প্রচারের অংশ হিসেবে দেওয়া এক সাক্ষাৎকারে স্কুলজীবনের মজার অভিজ্ঞতার কথা জানান তিনি। শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি মনে করে নস্টালজিক হয়ে পড়েন অভিনেত্রী।
শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার প্রসঙ্গে কীর্তি প্রথমে পরিচালক অ্যাটলির জন্মদিনের অনুষ্ঠানের কথা উল্লেখ করেন। পরে তার মনে পড়ে আরও পুরোনো একটি ঘটনা। একাদশ শ্রেণিতে পড়ার সময় এক বন্ধুকে সঙ্গে নিয়ে পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখের সিনেমার শুটিং সেটে চলে গিয়েছিলেন তিনি।
কীর্তি জানান, তার বড় বোন শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি পরিচালক প্রিয়দর্শনের সহকারী হিসেবেও প্রায় সাত-আট বছর কাজ করেছেন তিনি। সেই সূত্রেই ‘বিল্লু’ সিনেমার শুটিং সেটে যাওয়ার সুযোগ হয়েছিল কীর্তির।
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একাদশ শ্রেণিতে পড়ার সময়ই প্রথম শাহরুখ খানের সঙ্গে দেখা হয়েছিল। আমার দিদি প্রিয়দর্শন স্যারের সহকারী হিসেবে প্রায় সাত-আট বছর কাজ করেছিলেন। সেই সময় ‘বিল্লু’ সিনেমার শুটিং চলছিল। আমি আর আমার এক বন্ধু পরীক্ষা ফাঁকি দিয়ে শাহরুখের সঙ্গে দেখা করতে সেটে চলে গিয়েছিলাম।’
সেই প্রথম সাক্ষাতের স্মৃতি আজও বিশেষভাবে মনে রেখেছেন কীর্তি। শাহরুখের সঙ্গে তোলা একটি ছবিও নিজের কাছে যত্ন করে রেখেছেন তিনি। তবে ছবিতে নিজের পোশাক ও সাজসজ্জা নিয়ে কিছুটা অস্বস্তি রয়েছে অভিনেত্রীর।
এ প্রসঙ্গে কীর্তি বলেন, ‘ছবিটা আমার কাছে আছে, কিন্তু সেখানে আমাকে খুব একটা ভালো দেখতে লাগছে না। তাই আবার দেখাতে চাই না। পুরোনো সালোয়ার পরেছিলাম, কপালে ছিল বড় টিপ। তবে সেই দিনগুলো সত্যিই সুন্দর ছিল।’
প্রিয় তারকার সঙ্গে দেখা করতে স্কুলজীবনে পরীক্ষা ফাঁকি দেওয়ার সেই স্মৃতি এখনো আনন্দের সঙ্গে মনে রেখেছেন কীর্তি সুরেশ। শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতের দিনটি তাই তার জীবনের বিশেষ স্মৃতিগুলোর একটি হয়ে আছে।
মন্তব্য করুন