স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৭ অক্টোবার, ২০২৬, ১২:৫২ পিএম

অনলাইন সংস্করণ

মেসির সঙ্গে বিদায়, শেষ ম্যাচে গোল করলেন ওতামেন্দি

লিওনেল মেসির সঙ্গে একই রাতে আর্জেন্টিনার জার্সিতে বিদায় নিলেন বিশ্বকাপজয়ী তারকা নিকোলাস ওতামেন্দি। বেনিনের বিপক্ষে শেষ ম্যাচে ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক শুধু বিদায়ই নেননি, মেসির কর্নার থেকে গোল করে দলকেও এগিয়ে দেন।

গোলের আনন্দ অবশ্য বেশিক্ষণ উপভোগ করতে পারেননি ওতামেন্দি। মাত্র দুই মিনিট পরই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। মাঠ ছাড়ার সময় মনুমেন্টাল স্টেডিয়ামে তাকে দাঁড়িয়ে করতালির মাধ্যমে বিদায় জানান দর্শকরা।

সতীর্থরাও এগিয়ে এসে দীর্ঘদিনের এই সঙ্গীকে হাত মেলানো ও জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান। আবেগঘন সেই মুহূর্তে ওতামেন্দির জাতীয় দলের ক্যারিয়ারের শেষ অধ্যায় যেন আরও স্মরণীয় হয়ে ওঠে।

২০২২ সালের বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ওতামেন্দি। তবে মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য তাকে বিশেষভাবে দলে ফেরান স্কালোনি। ফলে মেসির সঙ্গে একই রাতে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার সুযোগ হয় তার।

ম্যাচের আগে এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে জাতীয় দলের হয়ে শেষ অনুশীলনও সেরে নেন ওতামেন্দি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতি রোমন্থন করে সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন তিনি।

ওতামেন্দি লিখেছিলেন, ‘মাঠের প্রতিটি কোণ যেন কোনো না কোনো গল্প ধরে রেখেছিল। জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করা শুধু একটি স্বপ্ন পূরণ ছিল না; এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি।’

আর্জেন্টিনার সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই ডিফেন্ডার। তবে তার বার্তার সবচেয়ে আবেগঘন অংশ ছিল মেসিকে ঘিরে। বিদায়ের আগের রাতে তিনি লিখেছিলেন, ‘আগামীকাল খুব বিশেষ একটি দিন। কারণ এটি সর্বকালের সেরা খেলোয়াড়ের দিন। তোমার গল্পের অংশ হতে পারাটা আমার জন্য ছিল গর্বের, ছোট্ট মানুষ।’

সেই বিশেষ দিনেই মেসির বিদায়ের আবেগের সঙ্গী হলেন ওতামেন্দি। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে গোল করে আর্জেন্টিনার জার্সিতে তার দীর্ঘ ক্যারিয়ারের শেষ অধ্যায়টিও হয়ে রইল স্মরণীয়।

মন্তব্য করুন