প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ০৯:২৩ এ এম
অনলাইন সংস্করণ
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। সৌদি আরবে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে টানাপোড়েনের মধ্যে বুধবার (১৪ অক্টোবর) তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।
গ্রিনিচ মান সময় বুধবার রাত ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহমূল্য ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৯৪ সেন্টে পৌঁছায়। খবর আলজাজিরার।
এর আগে মঙ্গলবার লেনদেন শেষে ব্রেন্টের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ৬৯ সেন্টে দাঁড়িয়েছিল। তবে ডব্লিউটিআইয়ের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৪ ডলার ১৪ সেন্টে স্থির হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে সংঘাতের কারণে তেল সরবরাহে ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা—এই দুই বিষয় বিবেচনায় নিয়ে লেনদেন করছেন ব্যবসায়ীরা।
বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, হুথিরা দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালায়। এতে সীমিত পরিসরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবে সংঘাত বাড়লে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়লে জ্বালানি বাজারে সরবরাহের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। এসব ঝুঁকি ও সম্ভাবনার প্রভাবেই বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা চলছে।
মন্তব্য করুন