প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ
‘স্পাইডার-ম্যান’ খ্যাত হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন করে আলোচনায় এসেছেন। শুধু অতিথি হিসেবেই নয়, বিয়ের আয়োজনে বিশেষ দায়িত্বও পালন করেছেন তিনি। এমনকি নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তেও উপস্থিত ছিলেন এই অভিনেতা।
গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন জীবন শুরু করলেন জেনিফার। বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাবেক স্ত্রীর বিশেষ দিনে টোবির উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়।
জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত তারকা উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিলেন র্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তাঁর প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস।
টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। পরে ২০২০ সালে জেনিফার বিবাহবিচ্ছেদের আবেদন করেন। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে।
বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তাঁর বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি করেছে।
মন্তব্য করুন